চকরিয়া মাতামুহুরী নদীতে ডুবে যাওয়া রাজমিস্ত্রী যুবকের মরদেহ ২৬ ঘন্টা পর উদ্ধার
মো. সাইফুল ইসলাম খোকন,চকরিয়া (কক্সবাজার).
ফুটবল খেলা শেষে সাঁতার কেটে মাতামুহুরী নদী পার হতে গিয়ে পানিতে ডুবে যাওয়া মোহাম্মদ শাহাজাহান (৪০) নামে রামুর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৬ ঘন্টা পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত দশটার দিকে মাতামুহুরী নদীর মিঝঝিরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগেরদিন শুক্রবার রাত আটটার দিকে চকরিয়া উপজেলার দুর্গম বমু বিলছড়ি ইউনিয়নের পূর্বাপাড়ার অংশে মাতামুহুরী নদীতে ঘটেছে এ ঘটনা
এদিকে নদীতে এক যুবক তলিয়ে যাবার খবর পেয়ে শনিবার সকাল থেকে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা চট্টগ্রামে ডুবুরি দলের সহায়তায় নদীতে ব্যাপক তল্লাশি চালিয়েছে। এদিন বিকালের দিকে ডুবুরি দল তল্লাশি অভিযান বন্ধ করে।
এরইমধ্যে লোকজন শনিবার রাতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুনরায় ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। এরপর রাত আনুমানিক দশটার দিকে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর মিঝঝিরি পয়েন্টে পৌঁছে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে জানিয়েছেন লামা উপজেলার স্থানীয় সাংবাদিক এম বশিরুল আলম।
পানিতে ডুবে মারা যাওয়া মো: শাহাজাহান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদ পুরা এলাকার নুর আহম্মদের ছেলে। শাহাজাহানের সংসারে স্ত্রী ও ৪ কন্যা রয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। কাজের সুবাদে চকরিয়ায় থাকতেন।
শাহজাহানের সঙ্গে ফুটবল খেলায় যান সহকর্মী অপর শ্রমিক আলাউদ্দিন। তিনি জানান, শুক্রবার বিকালে লামায় অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে রাতে দুজনে সাঁতার কেটে নদী পার হচ্ছিলেন। এসময় নদীর মাঝামাঝিতে গেলে হঠাৎ শাহাজাহান ডুবে যাচ্ছিলো, আমি গিয়ে তাকে হাত ধরে টেনে অনেক চেষ্টা করেছি, কিন্তু তুলে আনতে পারিনি।
রাজমিস্ত্রী সহকারী আলাউদ্দিন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের বাসিন্দা। তারা একই সাথে দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে আসছেন। ##











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































